মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ও দেশের সমবায় সেক্টরে একমাত্র "ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত" সমবায় সমিতি বান্দরবানের “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.”-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেন। মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হুমায়ুন খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সিএসএল-এর সভাপতি ও কালব লি.-এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন মালেক, কালব-এর প্রাক্তন ডিরেক্টর আশিষ কুমার দাশ, মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ, মো. শফিউল আলম এবং কালব-এর জেলা ব্যবস্থাপক সমীরণ কান্তি দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ ইয়াহইয়া, সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, মাওলানা জহুরুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মৌচাকের সেক্রেটারি মাস্টার হাবিবুর রহমান এবং ব্যবস্থাপনা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারি হাবিবুর রহমান। সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব, লভ্যাংশ বণ্টন প্রস্তাব, ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
মৌচাক সূত্রে জানা যায়, ১৯৯২ সালের ১ জুলাই মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। সমবায় সমিতির উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৬৫ কোটি টাকা। সভায় মৌচাক এগ্রো সার্ভিস, পরিবহন ব্যবসায় বিনিয়োগ এবং সিএসএল-এর সদস্যপদ লাভসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সভা শেষে র্যাফেল ড্র ও নিয়মিত সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নে মৌচাক কাজ করে যাচ্ছে। এই সফলতার অংশীদার সকল সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা-কর্মচারীরা।











