ম্রো জনগোষ্ঠি শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান আজীবন স্মরণ রাখবে- সাচিং প্রু জেরী

বানে ম্রো ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রের অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবিনামার লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরীর বাসভবনে ম্রো ভাষায় সংকলিত এ লিফলেটের মোড়ক উন্মোচন করেন তিনি নিজেই।
এসময় বিপুল সংখ্যক ম্রো জনগোষ্ঠির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক ও বান্দরবান-৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, “পার্বত্য চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপক অবদান রয়েছে। বিশেষ করে বান্দরবানের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠির শিক্ষা ও আত্মসামাজিক উন্নয়নে তিনি বৈপ্লবিক ভূমিকা রাখেন।
তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ম্রো জনগোষ্ঠিকে শিক্ষায় এগিয়ে নিতে প্রথমবারের মতো ‘ম্রো কমপ্লেক্স’ নামে একটি উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে বহু ম্রো শিক্ষার্থী আজ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষকসহ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে।
সাচিং প্রু জেরী আরও বলেন, ম্রো জনগোষ্ঠি এখনো শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই জনগোষ্ঠিকে সামগ্রিকভাবে উন্নত করতে বিএনপি অগ্রাধিকারভিত্তিতে ধারাবাহিকভাবে কাজ করবে।
তিনি জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবিনামা ম্রো জনগোষ্ঠির মাঝে আরও সহজে পৌঁছে দেওয়া ও বুঝার সুবিধার্থে ম্রো ভাষায় লিফলেট সংস্করণ প্রকাশ করেছে জেলা বিএনপি।











