রমজান শুরুতেই চকরিয়ার বাজারে আগুন, লেবু থেকে দই, সবকিছুর দামে সিন্ডিকেটের ছোঁয়া

পবিত্র মাহে রমজানের শুরুতেই অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্যে কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বাজারে ইফতার সামগ্রীর দামে অস্থিরতা দেখা দিয়েছে। রোজার প্রথম ইফতারের দিন বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, ইফতারে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কাঁচা সামগ্রীর দাম হঠাৎ করেই আকাশচুম্বি হয়ে উঠেছে।
ক্রেতারা জানান, সাধারণ সময়ে ২০ টাকায় ৪টি লেবু বিক্রি হলেও রোজার শুরুতেই সেই লেবু প্রতি পিস ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। কাঁচা মরিচ, যা আগে প্রতি কেজি ৮০ টাকায় পাওয়া যেত, তা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে।
এছাড়া ইফতারে জনপ্রিয় মহিষের দই, যা আগে ১৬০ টাকায় বিক্রি হতো, তা এক লাফে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। রান্নার সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮৫০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
স্থানীয়দের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়েছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, যেসব অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রমজানের শুরুতেই বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখা জরুরি।










