রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে নিহত দুই
রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আকস্মিক আক্রমণে দুই বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
রোববার বিকালে রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝর্ণা চাকমা (৭০) ও সুবিতা চাকমা (৬০)। দুজনেই জীবতলী ইউনিয়নের মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলেই ঝর্ণা চাকমা মারা যান। গুরুতর আহত সুবিতা চাকমাকে হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বন্যহাতির আক্রমণে দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করে জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত চাকমা জানান, দুই নারীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। আগামীকাল তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, সকাল থেকেই সড়কটিতে বন্যহাতির উপস্থিতির খবর পাওয়া যাচ্ছিল। বিকালে হাতির আক্রমণে একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়। পরে বনবিভাগ, হাতি রেসপন্স টিম ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজে গেলে কামিলাছড়ি এলাকায় গুরুতর ক্ষতিগ্রস্ত সিএনজি থেকে দুই বৃদ্ধা নারীকে আহত অবস্থায় পাওয়া যায়। একজন মাথায় গুরুতর জখম হন এবং অন্যজনকে সড়কের পাশের খাদ থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর দুজনই মারা যান।
তিনি আরও জানান, উদ্ধার কাজে অংশ নেওয়া বন বিভাগের সদস্যরাও হাতির আক্রমণে ঝুঁকিতে পড়েছিলেন। পরে কাপ্তাই ১০ আরই সেনা সদস্যদের সহায়তায় সবাইকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা ও অন্যান্য ক্ষয়ক্ষতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।











