রাজস্থলীতে গরুসহ চোর আটক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ধলিয়া এলাকায় গরুসহ এক চোরকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টায় শফিপুর এলাকার বাসিন্দা বিবি হাজেরা (৬০), স্বামী মৃত সুলতান আহমেদ, প্রতিদিনের মতো নিজের গরু পাবনাটিলা বড়োক্ষেত এলাকায় চড়ানোর জন্য বেঁধে রেখে বাড়িতে ফিরে যান।
পরে বিকেল আনুমানিক ৪টার দিকে গরুটি দেখতে গিয়ে সেখানে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন ধলিয়া এলাকায় স্থানীয় লোকজন গরুসহ একজনকে আটক করেছে। পরে উদ্ধারকৃত গরুটি নিজের বলে শনাক্ত করেন বিবি হাজেরা।
খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত গরুটি স্থানীয় ইউপি সদস্য মিরাজ হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
আটককৃত ব্যক্তি মোঃ নাজমুল (১৬), পিতা আবদুর রশিদ, মাতা ফরিদা বেগম, শফিপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সে অতীতেও বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ বলেন, স্থানীয়দের হাতে আটক গরু চোরকে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ধলিয়া থেকে গরুসহ থানায় নিয়ে আসে। গরুটি ৩নং ওয়ার্ড সদস্য কাইয়ুম হোসেন মিরাজের জিম্মায় রাখা হয়েছে এবং চোরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।











