রাজস্থলীতে তীব্র শীত ও সূর্যহীন আবহাওয়া, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পার্বত্য রাঙামাটির রাজস্থলী উপজেলায় কয়েক দিন ধরে সূর্যহীন আবহাওয়া, ঘন কুয়াশা ও তীব্র শীত অব্যাহত থাকায় ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হচ্ছেন।
স্থানীয় চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় সূর্যের আলো না থাকায় সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এর ফলে অ্যাজমা ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধির পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি তৈরি হচ্ছে।
উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, "আমাদের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও দুর্গম পাহাড়ি জনপদে বসবাস করেন। অনেক পরিবারে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। এই পরিস্থিতিতে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবা জোরদার করা জরুরি।"
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, "তীব্র শীতে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে বেশি। তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া গ্রামাঞ্চলে শীত থেকে বাঁচতে আগুনের তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে, যা রোধে সচেতনতা প্রয়োজন। হাঁপানি রোগীদের নিয়মিত মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছি।"
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।











