রাজস্থলীতে দুই অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ, জরিমানা ৪ লাখ টাকা

রাঙামাটির রাজস্থলীতে পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া ও বরইছড়ি গ্রামে পরিচালিত এই অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভাটাদ্বয়ের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম এই যৌথ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কলেজ পাড়ার 'কেবিডব্লিউ' এবং বরইছড়ি গ্রামের 'বিআরবি' নামক ইটভাটা দুটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ লঙ্ঘনের দায়ে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাট দুটির সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা জানান, পাহাড়, বন এবং কৃষি জমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অবস্থান কঠোর থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ এমন স্থাপনার বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত রাখবে প্রশাসন।
অভিযানকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, পার্বত্য অঞ্চলে বন উজাড় ও পাহাড় কাটার মতো ঘটনায় বন বিভাগের তদারকি ও কার্যকর ভূমিকার ঘাটতি রয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি বলে তারা মনে করেন।











