রাজস্থলীতে প্রার্থীদের আচরণবিধি মানার কঠোর নির্দেশ, প্রশাসনের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজস্থলীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী অপরাধ ও বিশৃঙ্খলা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের (৩৮ বীর) ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া।
সভায় সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুসরণ করা সকল প্রার্থী ও সমর্থকদের জন্য বাধ্যতামূলক। প্রচারণার সময় জনদুর্ভোগ সৃষ্টি, মাইক ব্যবহারের সময়সীমা লঙ্ঘন বা উস্কানিমূলক বক্তব্য দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন কাউকে ছাড় দেবে না। এ সময় উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাইদুর রহমান সাইদ, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।











