রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রাজস্থলী উপজেলা প্রশাসন।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির এবং উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজস্থলী উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, রাজস্থলী প্রেসক্লাব, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সমাবেশ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ নোমান। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারী দলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।











