রামগড়ে ৪৩ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা: আইনশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বারোপ

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আহসান উল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রামগড় জোন তথা সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. আহসান উল ইসলাম একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক, সহকারী পরিচালক, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ, রামগড় উপজেলা বিএনপির সমন্বয়কারী হাফেজ আহমদ ভূঁইয়া, জামায়াতে ইসলামী রামগড় উপজেলার সহ-সভাপতি জামশেদ আলম এবং এনসিপির উপজেলা সমন্বয়কারী মাওলানা হারুনুর রশীদ। এছাড়াও বিজিবির পদস্থ কর্মকর্তা, স্থানীয় হেডম্যান-কার্বারী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।











