রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু

রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
ছবি সংগৃহীত।

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।


বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টার তিনি রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একর প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


এসময় প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি চাষ দেশের মৎস্য খাতের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী হলেও এটিকে আরও এগিয়ে নিতে সরকার, চাষি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।


প্রতিমন্ত্রী আরও বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. গাজিউর রহমান, মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা আরিফ উদ্দিন,  চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), রামপুর ৮০ একর মৎস্য প্রজেক্টের ম্যানেজার কাউছার আহমদ,  মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এহেছানুল কাদের চৌধুরী সাব্বির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী, খামার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


মতবিনিময় সভায় চিংড়ি শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ এবং চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় চাষিরা সরকারের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। প্রতিমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং চিংড়ি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।