রামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা, ঘাতক আটক

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে এক বৃদ্ধকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার ভোর ৪টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কালু বড়ুয়া। তিনি ওই এলাকার ফ্রান্স প্রবাসী অসীম বড়ুয়ার বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরের দিকে বৌদ্ধ বিহারের জন্য ফুল তুলতে ঘর থেকে বের হয়েছিলেন কালু বড়ুয়া। ঠিক সেই সময় এলাকায় হাতে ধারালো দা নিয়ে তাণ্ডব চালাচ্ছিল বাবু বড়ুয়া প্রকাশ টাম্বু বড়ুয়া। সে বিভিন্ন বাড়ি ও দোকানের বাইরে ভাঙচুর করছিল। বৃদ্ধ কালু বড়ুয়া তাকে এমন আচরণের কারণ জিজ্ঞেস করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে টাম্বু বড়ুয়া। সে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং একপর্যায়ে বুকের ওপর বসে তাকে জবাই করে হত্যা বলে জানা যায়।
ঘটনার পর পুলিশ এলাকায় পৌঁছালে ঘাতক টাম্বু বড়ুয়া নিজেই আত্মসমর্পণ করে। পরিবারের সদস্যদের দাবি, নিহত কালু বড়ুয়ার সঙ্গে টাম্বু বড়ুয়ার কোনো পূর্ব শত্রুতা ছিল না। তবে এই বর্বরোচিত হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ পোষণ করছেন।
বর্তমানে পুলিশ ঘাতককে হেফাজতে নিয়ে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। এদিকে নিজ এলাকায় এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো মেরংলোয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।










