রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আলোচিত শিশু হাসান-হোসাইন দুই ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মজিদ ওরফে “টক্ষক বদাইয়া”কে গ্রেপ্তার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।
সোমবার (২২ জুন) দুপুরে বড়বিল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাজী জাকের আহমেদের ছেলে।
পুলিশ জানায়, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই মোঃ ইউনুছসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।










