রামুতে র্যাবের অভিযানে বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে অভিযান চালিয়ে দেশি প্রযুক্তিতে তৈরি একটি একনলা বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করেছে র্যাব-১৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উখিয়াঘোনা এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ির সঙ্গে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় দেশি প্রযুক্তিতে তৈরি একটি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করা হয়।
তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












