রামুতে লুৎফর রহমান কাজলের নির্বাচনী পথসভা, সীমান্তে করিডোর চালুর প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজল অবহেলিত জনপদ কচ্ছপিয়া, গর্জনিয়া ও ঈদগড়ের উন্নয়নে উচ্চশিক্ষা, যোগাযোগ এবং কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার রামু উপজেলার কচ্ছপিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন, “১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করলে অবহেলিত এই তিন ইউনিয়নের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” মিয়ানমার সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে একটি বৈধ বাণিজ্য করিডোর স্থাপনে রাষ্ট্রীয় সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এ ছাড়া দুর্গম এই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কবির আহমদ সওদাগরের নেতৃত্বে একদল নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এদিকে মিছিল ও প্রচারণা চলাকালে অতিরিক্ত গরমে অন্তত ১০০ সমর্থক অসুস্থ বোধ করলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তারা আশঙ্কামুক্ত।










