রামুতে ৩২০০ পিস ইয়াবাসহ পুরোনো মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে পুলিশি অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আবদুল্লাহ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার রশিদনগর ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশ মহাসড়কের ওই পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করে। এসময় আবদুল্লাহর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত মো. আলমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশি তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবদুল্লাহ একজন পেশাদার মাদক কারবারি। এর আগেও চট্টগ্রামে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এলাকায় তিনি একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”










