রামুর উখিয়ারঘোনায় নবনির্মিত কালভার্টে ফাটল

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা চৌধুরীখামার এলাকায় নবনির্মিত একটি বক্স কালভার্ট নির্মাণের মাত্র দেড় মাস পার হতে না হতেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই কালভার্টটি স্থায়িত্ব হারিয়েছে। সম্প্রতি কালভার্টটির ওপর দিয়ে খাল খননের একটি (এক্সেভেটর) পার হওয়ার সময় এটি বিকট শব্দে ফেটে যায়।
সরেজমিনে দেখা গেছে, কালভার্টের উপরিভাগ এবং পাশের দেয়ালে একাধিক গভীর ফাটল তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার যাতায়াতের সুবিধার্থে চৌধুরীখামার সংলগ্ন খালে এই বক্স কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই সামান্য লোড নিতে না পেরে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারের বিপুল অর্থের অপচয় হয়েছে বলে মনে করছেন তারা।
এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্টটি নির্মাণে রড, সিমেন্ট ও বালুর সঠিক মিশ্রণ নিশ্চিত করেনি। যার ফলে ভারী যান চলাচলের আগেই এটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বর্তমানে ফাটল ধরা এই কালভার্ট দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন পথচারীরা।
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই সাথে কালভার্টটি দ্রুত টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।










