লক্ষ্মীছড়ির কালা পাহাড়ে সেনাবাহিনীর পানির প্রকল্প উদ্বোধন, সুবিধা পাবে ৪০০ পরিবার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম কালা পাহাড় রেঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে একটি বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে ওই এলাকার চারটি দুর্গম পাড়ার ৩৭৬টি পরিবারের প্রায় ১ হাজার ৭৫০ জন বাসিন্দা স্থায়ীভাবে নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কালা পাহাড় রেঞ্জের হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়ি ও পাঙ্কু পাড়ার বাসিন্দারা দীর্ঘকাল ধরে সুপেয় পানির সংকটে ছিলেন। পাহাড়ের ঝিরি থেকে পানি সংগ্রহ করতে তাদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে ও গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে প্রায় ৭ কিলোমিটার (২২ হাজার ২০০ ফুট) দীর্ঘ পাইপলাইন এবং ৮টি রিজার্ভ ট্যাংক স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার বলেন, "পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বিরোধী অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী স্থানীয়দের এই তীব্র পানি সংকটের কথা জানতে পারে। প্রতিকূল ভৌগোলিক পরিবেশ জয় করে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা নিজস্ব শারীরিক শ্রম ও কারিগরি দক্ষতায় এই বিশাল পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন করেন।











