লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, "নারী শিক্ষায় এই বিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ছাত্রীদের শুধু পাঠ্যবই নয়, সৃজনশীল কর্মকাণ্ড ও তথ্যপ্রযুক্তিতেও দক্ষ হতে হবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুম সরদার এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আবাসিক প্রকৌশলী মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











