লামায় ইটভাটায় চার দিন ধরে অভিযানে বাধা: আজও সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বান্দরবানের লামা উপজেলার ফাইতং পাগলীর আগা এলাকায় অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইটভাটা শ্রমিক ও স্থানীয়দের সংঘর্ষের মুখে পড়ে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া-মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযানের সময় ধাওয়া–পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। অপরদিকে নারী-শিশুসহ ৫০ জনের বেশি শ্রমিক আহত হওয়ার দাবি করেছে শ্রমিকপক্ষ। আহতদের মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ৬টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে আটক করেছে পুলিশ।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে বিভিন্ন সময় বাধার মুখে পড়ছে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ ও লামা থানার ওসি তোফাজ্জল হোসেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযানকারী দলের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
অন্যদিকে শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের ৮ জন নারী-শিশুসহ ৫০ জনের বেশি আহত হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শ্রমিকদের বাধার মুখে প্রশাসন শেষ পর্যন্ত অভিযান না চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।












