লামায় দফাদারের পৈতৃক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বান্দরবানের লামায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন পরিষদের দফাদার মো. আলী আকবর। শনিবার (২৪ জানুয়ারি) সকালে লামা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মো. আলী আকবর জানান, চকরিয়া উপজেলার সিকদারপাড়া এলাকার মাহাবুবুল আলম গং, আনোয়ার হোসেন ও সরোয়ার আলমের নেতৃত্বে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ডিসেম্বর অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমি দখলের চেষ্টা করলে তিনি কুমারী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
তিনি আরও অভিযোগ করেন, ভূমি অপরাধ আইনে তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (নং-৪৪৫/২০২৪) দায়ের করা হয়েছে। এছাড়া গত বছরের এপ্রিল মাসে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয় বলেও তিনি দাবি করেন। বর্তমানে অভিযুক্তদের প্রাণনাশের হুমকিতে তাঁর পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মো. আলী আকবর বলেন, “পৈত্রিক ভিটেমাটি রক্ষা এবং অপপ্রচার থেকে মুক্তি পেতে আমরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায়বিচার চাই।” এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।











