সুষ্ঠু নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষ হওয়ার আহ্বান বান্দরবানের জেলা প্রশাসকের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালায় কর্মকর্তাদের নির্বাচনী আইন ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এবং ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি। তিনি কর্মকর্তাদের দেশপ্রেম ও সততার সঙ্গে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান। তিনি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম। এ সময় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধাসহ সংশ্লিষ্ট প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











