হাটহাজারীতে ভাড়া বাসায় তরুণীর মৃত্যু, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ধারণা

হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার কন্দের আলী ফকিরবাড়ি, উত্তর মেখল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মো. শফি, মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি মোহাম্মদ ওয়াহিদুল আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর সাদিয়া ও তার স্বামী হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবিবা ভিলায় ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। সোমবার তার স্বামী কাজে বাইরে গেলে বাসায় একা থাকা অবস্থায় সাদিয়া আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, আগের রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। রাত ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এই কর্মকর্তা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











