হাটহাজারীতে সিএনজি ও কারের সংঘর্ষে চালকের মৃত্যু, ৫ পরীক্ষার্থীসহ আহত ৮

হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ও কারের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৫) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজন এইচএসসি পরীক্ষার্থীসহ মোট আটজন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ সরকারহাটের উত্তর পাশে রজ্জকআলি চৌধুরী বাড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আলী হোসেনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন—মাহিম (২০), আলমগীর (৪৫), ফাহিম (১৮), শামীম, তৌসিফ, ঈছা (২৬), হাসান (৩৫) ও রোকিয়া (৭০)। সিএনজিতে থাকা কয়েকজন নাঙ্গলমোড়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে কারে থাকা যাত্রীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কারের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচ শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।
পরে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত পরীক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় পাওয়া গেছে। অন্য আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হেফাজতে নেয়। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।











