হারবাং ও কাকারায় বন্যার্তদের পাশে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক: কাপড় ও খাদ্য বিতরণ, পাশে দাঁড়ালেন কিডনি রোগীর

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও কাকারা ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমির এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। একই দিনে তিনি কিডনি রোগে আক্রান্ত এক ব্যক্তিকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে কাকারা ইউনিয়নের লোটনী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে তিনি লোটনী এলাকার কিডনি রোগে আক্রান্ত মোহাম্মদ ইসা (৪০)-র বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন, দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
একই দিন বিকেলে হারবাং ইউনিয়নে আয়োজিত আরেকটি কর্মসূচিতে সহস্রাধিক বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র, কম্বল ও অন্যান্য ব্যবহারযোগ্য কাপড় বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, হারবাং ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শেখ আহমেদ, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাকারা ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সায়েদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের খোঁজখবর নেওয়া তাঁদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।










