১৫ পেরিয়ে ১৬ বছরে মাছরাঙা টেলিভিশন, বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে মাছরাঙা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধির উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে 'গেস্ট অব অনার' হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মং এবং বান্দরবান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির।
অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তির কেক কাটেন। পরে অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন।
বক্তারা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানের খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জেলার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সংবাদ আরও বেশি করে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে অতিথি, সাংবাদিক ও সুধীজনদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনের বর্ষপূর্তির আয়োজন সম্পন্ন হয়।











