২০ হাজার টাকায় টিকিট পাবেন সৌদি প্রবাসীরা, বিমানের আয় বাড়বে ১০০ কোটি

সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থার আওতায় মদিনা ও জেদ্দা থেকে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় একমুখী টিকিট কেনা যাবে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উদ্ধৃতি দিয়ে ফয়েজ আহম্মদ জানান, সৌদি-বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে হজ ফ্লাইটের একমুখী ফাঁকা আসনগুলো কাজে লাগিয়ে এই সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় করবে বলে আশা করা হচ্ছে।
নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে ফিরতি (রিটার্ন) টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা। সরকারের এই উদ্যোগের ফলে একদিকে যেমন প্রবাসী কর্মীরা উপকৃত হবেন, অন্যদিকে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো বিপুল পরিমাণ অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে।
পূর্বে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে চর্চা ছিল, এই উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সেই ক্ষতি কাটিয়ে উঠে লাভের মুখ দেখছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।












