২৩ বছরেও সংস্কার হয়নি শহীদ এনামুল হক সড়ক, মানববন্ধনে দ্রুত সংস্কারের দাবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পূর্ব বানিয়ারকুম থেকে পশ্চিম বানিয়ারকুম রাস্তার মাথা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ এনামুল হক সড়কটি (বানিয়ারকুম সড়ক) দীর্ঘ ২৩ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সর্বশেষ ২০০২-০৩ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ করা হলেও এরপর আর কোনো বড় ধরনের সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে পূর্ব ও পশ্চিম বানিয়ারকুমের জনসাধারণের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকসহ কয়েকশত মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, বানিয়ারকুম সড়ক দিয়ে কৈয়ারবিল স্টেশন, হাছিমারকাটা ও বরইতলী শান্তিরবাজারসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, নষ্ট সড়কের কারণে সময়মতো কৃষিপণ্য বাজারে নিতে না পারায় তাঁরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সড়কটির সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি জনদুর্ভোগ নিরসনে অবিলম্বে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।










