৫ ধাপ এগিয়েও বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে (হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬) ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৫তম। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্টের তালিকায় এখনো রয়ে গেছে বাংলাদেশ।
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান 'হেনলি অ্যান্ড পার্টনারস' বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে এই সূচক প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্য বিশ্লেষণ করে তৈরি করা এই ইনডেক্সে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের নাগরিকরা অগ্রিম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। গত বছরের (২০২৫) জানুয়ারি সংস্করণে ১০০তম অবস্থানে থাকা বাংলাদেশ সে সময় ৩৫টি দেশে অন-অ্যারাইভাল বা ভিসামুক্ত প্রবেশাধিকার পেত।
সূচকে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্ট পঞ্চম দুর্বল অবস্থানে রয়েছে। এ অঞ্চলে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে মালদ্বীপ (৫২তম), যাদের নাগরিকরা ৯২টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা পান। এছাড়া ভারত ৮০তম ও ভুটান ৮৫তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশ এখনো নেপাল (৯৬তম), পাকিস্তান (৯৮তম) ও আফগানিস্তানের (১০১তম) চেয়ে এগিয়ে।
তালিকায় যথারীতি এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে বিনা ভিসায় যেতে পারেন। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৮৮টি গন্তব্য)। সূচকের তলানিতে যথাক্রমে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং সর্বনিম্ন ১০১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।











