৬ লেনের দাবিতে চকরিয়ায় মহাসড়ক অবরোধ, জামায়াত নেতার মধ্যস্থতায় ৭ দিনের আল্টিমেটামে প্রত্যাহার

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়া মাতামুহুরী ব্রিজ এলাকায় ছাত্র-জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।
তিন ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মাতামুহুরী ব্রিজের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনও ছাত্র-জনতার এ দাবির প্রতি সমর্থন জানায়।
পরে বেলা ১টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে আন্দোলনকারীরা তা মেনে নেন। তবে তারা সরকারের প্রতি এক সপ্তাহের আল্টিমেটাম ঘোষণা করেন এবং জানিয়ে দেন দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া সার্কেলের এএসপি অভিজিৎ দাস, এবং চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
আন্দোলনে চকরিয়ায় নেতৃত্ব দেন ছাত্রনেতা ইব্রাহিম ফারুক ছিদ্দিক।










