‘উসকানি দিয়ে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করা যাবে না’- সরোয়ার আলমগীর এমপি

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে কোনো ধরনের উসকানি সফল হবে না বলে মন্তব্য করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সারোয়ার আলমগীর। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিষয়ক বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফটিকছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর এসব কথা বলেন।
শুভেন্দু অধিকারীর উদ্দেশে সারোয়ার আলমগীর বলেন, ‘আপনি আপনার দেশ নিয়ে মাথা ঘামান, বাংলাদেশ নিয়ে নয়।’ তিনি বলেন, শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—যারা এ দেশে বাস করি, সবাই ঐক্যবদ্ধ আছি।
বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; আমরা সবাই বাংলাদেশি।’ অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পাহাড়ি ও সমতলের মানুষের পাশাপাশি সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে দেশ গড়ার ওপর গুরুত্ব দেন সংসদ সদস্য। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, মিহির চক্রবর্তী, অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, অধ্যাপক দয়াল, অ্যাডভোকেট মিহির, জুয়েল চক্রবর্তী, সুজিত চক্রবর্তী, রোপন ভৌমিক, মিন্টু নাথ ও সাগর দেসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন।











