ঈদগড়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখছেন এসআই খোরশেদ

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদগড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করছেন এসআই খোরশেদ আলম।
এলাকাবাসীর ভাষ্য, কোনো ঘটনা বা সমস্যার বিষয়ে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
স্থানীয়রা আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ঈদগড় পুলিশ ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার মানুষ আরও নিরাপদ পরিবেশ পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসআই খোরশেদ আলম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। জনগণের সহযোগিতা নিয়ে ঈদগড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।”
এলাকাবাসীর প্রত্যাশা, ঈদগড়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনগণের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঈদগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহমদ হোসেন বিপ্লব, সদস্য সচিব আহসান উল্লাহ, সাবেক সদস্য সচিব নুরুল আজিম রিপন, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব ফারুক হোসেন জোসেপ এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, এসআই খোরশেদ আলম ঈদগড়ে দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি তিনি মাদক নির্মূলে এলাকার সর্বস্তরে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন।
তাছাড়া তিনি একজন সৎ, সাহসী ও দক্ষ পুলিশ কর্মকর্তা। তাঁর বিচক্ষণতায় এলাকার অনেক দাগি আসামি পুলিশের জালে আটকা পড়ছেন।
উল্লেখ্য, ইতিপূর্বে এসআই খোরশেদ আলম ঈদগড়-টুঠারবিল এলাকার গহিন বনে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানাসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করেন।












