চকরিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, শিশু গুরুতর আহত

কক্সবাজারের চকরিয়ায় সড়ক পারাপারের সময় এসি স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় ইসফা (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজারে একরামের মাংসের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চিরিংগা হাইওয়ে থানার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী 'ইম্পেরিয়াল এক্সপ্রেস' নামের একটি এসি স্লিপার বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১২-১৫৬২) দ্রুতগতি ও অসতর্কভাবে চালানোর সময় রাস্তা পারাপাররত মরিয়ম খাতুন ও শিশু ইসফাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত শিশু ইসফাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মরিয়ম খাতুন (৮৫) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নূরুল আমিন খলিফার বাড়ির মাসুক আহমেদের স্ত্রী। আহত শিশু ইসফা বানিয়াছড়া শান্তিবাজার এলাকার শফি আলমের বাড়ির বাসিন্দা।
দুর্ঘটনার পর বাসের চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।












