ফটিকছড়িতে খেলার বিরোধে ছুরিকাঘাত, যুবক আহত

চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের নোয়াত্যে পাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় আসাদুজ্জামান সেখানে উপস্থিত হয়ে বিষয়টি জানতে চান। একপর্যায়ে তাঁদের সঙ্গে তাঁরও বাগ্বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় আবদুল মোনায়েম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান ছুরিকাহত হয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, কাঞ্চননগরে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।












