ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, পিস্তলসহ গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, পিস্তলসহ গ্রেপ্তার ৪

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, পিস্তলসহ গ্রেপ্তার ৪
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানকে আশ্রয় দেওয়া এবং তার ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে ভূজপুর থানা এলাকার পাহাড়বেষ্টিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, অন্য একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি রায়হানের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, 'গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জেলা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।




ফটিকছড়িতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে রবি (২০২৬-২৭) মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নূর মওলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচি ও উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হরের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন শাহিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর। বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন।




ফটিকছড়ি উত্তর উপজেলার নবাগত ইউএনও ডিপ্লোমেসি চাকমার যোগদান

ফটিকছড়ি উত্তর উপজেলার নবাগত ইউএনও ডিপ্লোমেসি চাকমার যোগদান
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদানের আগে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল, এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নবাগত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “আজ সকালে নবাগত ইউএনও যোগদান করে তাঁর দায়িত্ব বুঝে নিয়েছেন।”

এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত অফিসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।

তিনি জানান, এ বিষয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের সঙ্গে কথা হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ফটিকছড়ির কাজিরহাট বাজারে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে।

নবগঠিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে উত্তর ফটিকছড়ির জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।




ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আসামি ২৯

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আসামি ২৯
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলা, মারধর, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফটিকছড়ি থানায় মামলাটি করেন হামলায় আহত নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হোছাইন (৩৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাজনৈতিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালানো হয়।

এজাহারে বাদী উল্লেখ করেন, হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর মাথায় একাধিক সেলাই দিতে হয়।

এজাহারে আরও বলা হয়, হামলায় মিছিলে অংশ নেওয়া ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় মোটরসাইকেলের আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

মামলার বাদী মো. হোছাইন বলেন, ঘটনার পর থেকে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তবে এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।