ফটিকছড়ি উত্তর উপজেলার নবাগত ইউএনও ডিপ্লোমেসি চাকমার যোগদান

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদানের আগে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।
নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল, এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নবাগত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “আজ সকালে নবাগত ইউএনও যোগদান করে তাঁর দায়িত্ব বুঝে নিয়েছেন।”
এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত অফিসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।
তিনি জানান, এ বিষয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের সঙ্গে কথা হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ফটিকছড়ির কাজিরহাট বাজারে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে।
নবগঠিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে উত্তর ফটিকছড়ির জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।












