রাউজানে দুটি মসজিদ নির্মাণের কাজ শুরু করল আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশন

দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশন। উপজেলার রাউজান সদর ইউনিয়নের নূরনগরে আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ‘আলহাজ জসিম উদ্দীন জামে মসজিদ-৫’ এবং ডাবুয়া ইউনিয়নের পূর্ব ডাবুয়া আদর্শ গ্রামে ‘আলহাজ জসিম উদ্দীন জামে মসজিদ-৬’ নামের মসজিদ দুটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
২ অক্টোবর শুক্রবার বাদ জুমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পরিচালক এবং আলহাজ জসিম উদ্দীনের মেজো ভাই, ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মোখতার আহমদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, আলহাজ ইয়াসিনুল হক ও ফারুক আজম প্রমুখ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে টিনশেড ও আধাপাকা মসজিদ দুটি নতুন নকশায় পূর্ণাঙ্গ নির্মাণের উদ্যোগ নেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দীন।
মসজিদ নির্মাণের এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে জরাজীর্ণ, কাঁচা, আধা পাকা, টিনশেড ও মাটির নির্মিত মসজিদ—যেগুলো আর্থিক সংকটের কারণে সংশ্লিষ্ট গ্রামবাসী বা পরিচালনা কমিটি কর্তৃক পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না—এমন মসজিদ পুনর্নির্মাণ করে দেওয়া হবে জসিম উদ্দীন ফাউন্ডেশনের এ প্রকল্পের মাধ্যমে।












