রামুতে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

কক্সবাজারের রামুতে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ হাসনাইন জুহেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।
এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামু উপজেলা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) কথা বলে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মা ও নবজাতকের অকালমৃত্যু ঘটে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।












