হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩৫ হাজার টাকা জরিমানা ও তিনজনের কারাদণ্ড
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট ও মদনহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে সাত ব্যক্তিকে ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—পৌরসভার আনন্দ মনি ঋষি (২৯), ফতেপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) এবং আলীপুর গ্রামের মো. দিদারুল আলম (৪৫)।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী মদনহাটের মেসার্স লাভলী ফার্মেসি, মেসার্স খাজা ফার্মেসি ও মেসার্স জনতা ফার্মেসিকে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকার মেসার্স সানজিদা ট্রেডার্সকে জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “মাদক সেবন, ওষুধের বাজারে অনিয়ম এবং নিত্যপণ্যের অতিরিক্ত মূল্য রাখায় সাতটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা এবং তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”




ফটিকছড়িতে মায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে মাদ্রাসা-এতিমখানা গড়ছেন যুবদল নেতা

ফটিকছড়িতে মায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে মাদ্রাসা-এতিমখানা গড়ছেন যুবদল নেতা
ছবি সংগৃহীত।

মা নেই, রয়ে গেছে তাঁর স্মৃতি। সেই স্মৃতিকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখতে এবং মায়ের নামে সওয়াবের কাজ চালু রাখার প্রত্যাশায় মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা যুবদল নেতা ও ফটিকছড়ি পৌর মেয়র পদপ্রার্থী নুর উদ্দিন নুরু।

মায়ের স্মৃতিকে ঘিরে ‘নুর বানু ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পঞ্চবাড়ি আমতলী টিলায় গড়ে তোলা হচ্ছে ‘পঞ্চবাড়ি আমতলী টিলা সিদ্দিকে আকবর (রাঃ) নূরানী হিফজ ও এতিমখানা’। ২০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠানটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা আলহাজ ছালাহউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছালাহ উদ্দিন আহমদ বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করা মহৎ কাজ। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মাদ্রাসা ও এতিমখানার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যুবদল নেতা নুর উদ্দিন বলেন, মায়ের প্রতি ভালোবাসা এবং তাঁর স্মৃতি অম্লান রাখার পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর ইচ্ছা, এখানে অসহায় ও এতিম শিশুরা বিনামূল্যে ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত নূরানী ও হিফজ মাদ্রাসা এবং এতিমখানায় রূপ দিতে চান তিনি।

নুর উদ্দিন বলেন, ‘আমার প্রত্যাশা, এই প্রতিষ্ঠানটি যেন আমার মায়ের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকে। তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরে মানুষের কল্যাণে কিছু করতে চাই।

অনুষ্ঠানে ব্যবসায়ী রহুল আমিন সওদাগর, আবুল কাশেম বালি, রহিম সওদাগর, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা 




ফটিকছড়িতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফটিকছড়িতে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের ফটিকছড়িতে রবি (২০২৬-২৭) মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নূর মওলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচি ও উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হরের বীজসহ প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুল আলম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দিন শাহিন ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর। বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন।




ফটিকছড়ি উত্তর উপজেলার নবাগত ইউএনও ডিপ্লোমেসি চাকমার যোগদান

ফটিকছড়ি উত্তর উপজেলার নবাগত ইউএনও ডিপ্লোমেসি চাকমার যোগদান
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।

৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা ফটিকছড়ি উত্তর উপজেলায় যোগদানের আগে সুনামগঞ্জের ছাতক উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল, এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নবাগত ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “আজ সকালে নবাগত ইউএনও যোগদান করে তাঁর দায়িত্ব বুঝে নিয়েছেন।”

এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত অফিসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ৪ নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এইচ শাহজাহান চৌধুরী শিপন।

তিনি জানান, এ বিষয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের সঙ্গে কথা হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ফটিকছড়ির কাজিরহাট বাজারে উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে।

নবগঠিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার মধ্য দিয়ে উত্তর ফটিকছড়ির জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।