আট বছর পর বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে ফের বাংলাদেশে আসা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীর তীরের একটি ঘাটে আনুষ্ঠানিকভাবে এই ভুট্টার চালান খালাস কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৫৭ হাজার ৮৫৫ মেট্রিক টন ভুট্টার এই চালানটি গত ৩১ ডিসেম্বর কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এই দিনটিকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেন। তিনি বলেন, "২০১৮ সালের পর এটিই ভুট্টার প্রথম চালান। আমরা ভুট্টার মান ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থার নিশ্চয়তা দিচ্ছি। আগামীতে প্রতি বছর প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) মেট্রিক টন ভুট্টা আমদানির সম্ভাবনা রয়েছে।"
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে ‘এমভি বেলটোকিও’ জাহাজে করে এই শস্য পাঠানো হয়েছে। মিনেসোটা এবং উত্তর ও দক্ষিণ ডাকোটায় উৎপাদিত এই ভুট্টা রপ্তানি করেছে ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি)। বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী তিন প্রতিষ্ঠান—নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড যৌথভাবে এই চালানটি আমদানি করেছে।
নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল জানান, বাংলাদেশে ভুট্টার মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। তিনি বলেন, "যুক্তরাষ্ট্র থেকে এই ভুট্টা আসতে ৪৬ দিন সময় লেগেছে এবং প্রতি টনের দাম পড়েছে ২৪৬ ডলার। দাম ব্রাজিল বা অন্য দেশের তুলনায় প্রায় কাছাকাছি হলেও গুণগত মানের কারণে আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে আগ্রহী।"
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সরবরাহ বাংলাদেশের পশুখাদ্য প্রস্তুতকারকদের জন্য প্রাণিজ পুষ্টির একটি নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করবে। কুতুবদিয়া থেকে লাইটার জাহাজের মাধ্যমে এই ভুট্টা চট্টগ্রামসহ নারায়ণগঞ্জ ও নোয়াপাড়ার বিভিন্ন গন্তব্যে পৌঁছানো হচ্ছে।











