চকরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন, রাত ১১টার পর বহিরাগত প্রবেশে কড়াকড়ি

কক্সবাজারের চকরিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লোহাইতপাড়ায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মাদক রুখব, দেশ বাঁচাব’, ‘মাদক ছোঁব না, সুস্থ সমাজ-সুন্দর জীবন গড়ব’—এমন স্লোগানসংবলিত ব্যানার প্রদর্শন করেন। এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লোহাইতপাড়ায় রাত ১১টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে চকরিয়াকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।










