ফটিকছড়িতে রাতের মশাল মিছিল, দেড় শতাধিক আসামি

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান। থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন মামলাটির বাদী। মামলায় ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকার বাসিন্দা মো. হান্নান চৌধুরী (৪০)-কে এক নম্বর আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় করা মামলার এজাহারে বলা হয়, গত ১৯ নভেম্বর রাতে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মশাল ও ইটপাটকেল নিয়ে মিছিল করার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা গাছ, মশাল ও ইটপাটকেল ফেলে পালিয়ে যান। একই রাতে পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকায় এ ধরনের কর্মকাণ্ডের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল ও ইটের ভাঙা অংশ উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, প্রথম ঘটনাস্থল থেকে ছয়টি বাঁশের তৈরি মশাল, ইটের ১২টি ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা উদ্ধার করা হয়। দ্বিতীয় ঘটনাস্থল থেকে আরও পাঁচটি মশাল ও ইটের ছয়টি ভাঙা অংশ জব্দ করা হয়। দুই দফায় মোট ১১টি মশাল, ইটের ১৮টি ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা উদ্ধার করে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘নাশকতার চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।’












