মাতামুহুরীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা-লুটপাট, আহত ৬

ধান রোপণে বাধা ও জায়গা দখলের চেষ্টায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খঞ্জনি ঘোনায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হামলায় আহতরা হলেন—জান্নাতুল ফেরদৌস, সাইফুল মোস্তফা, নুরুল কাদের মামুন, তাসমিন সুলতানা, লায়লা বেগম ও শিবলী নোমান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় (রেফার করেন) কর্তব্যরত চিকিৎসক।
ভুক্তভোগীদের অভিযোগ, বশির মেম্বার, ফিরোজ আহমদ ও ছিদ্দিক আহমদের নেতৃত্বে একদল লোক দা, কিরিচ, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা মারধর ও ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
অভিযোগে হামলাকারীদের মধ্যে এনামুল হক (মাতামুহুরী শ্রমিক দলের সভাপতি), মোহাম্মদ রিপন, মো. ইয়াসিন আরাফাত, মো. মোর্শেদ, সিফাত, আব্দুল মজিদ, শাহেদ ও রায়হানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০-১৫ জন হামলায় অংশ নেয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, "উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"










