নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ইজারা ডাক পেলেন ছাত্রদল আহ্বায়ক জিয়াবুল হক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ইজারার দ্বিতীয়বারের মতো ডাক সম্পন্ন হয়েছে। এবার ইজারা পেয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক। এ পরিষদের প্রথম ডাক বাতিল হওয়ায় বুধবার পুনরায় এ ডাকের আয়োজন করেন ইউনিয়ন পরিষদ প্রশাসক।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুব এলাহী। তিনি জানান, বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়ন পরিষদের হাট-বাজার, ঘাট ও বিভিন্ন পয়েন্ট থেকে টোল-ট্যাক্স আদায়ের জন্য দেওয়া ইজারার ডাক সম্পন্ন হয়েছে।
এ ইজারা ডাকের জন্য নানা শ্রেণি-পেশার ২৩ জন মানুষ দরপত্র জমা দেন। তবে ইজারা ডাকার সময় উপস্থিত ছিলেন ২২ জন। তাদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেয়েছেন নাইক্ষ্যংছড়ি সদরের জিয়াবুল হক। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা নুরুল আবসার সোহেল এবং তৃতীয় দরদাতা মোহাম্মদ কামাল।
প্রশাসক আরও জানান, প্রথম দরদাতা জিয়াবুল হক হাঁকিয়েছেন ৬০ লাখ ২০ হাজার টাকা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ দ্বিতীয়জন ৫৯ লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয়জন ৫৯ লাখ টাকা পর্যন্ত হেঁকেছেন।
ঘটনার প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, এর আগে গত ১২ মে প্রথমবারের মতো ডাকের আয়োজন করা হয়। এতে রেকর্ডসংখ্যক ১৩৬ জন দরদাতা অংশ নেন। সে সময় সর্বোচ্চ দরদাতা ছিলেন উপজেলা সদরের নুরুল আবসার সোহেল এবং দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিলেন জাকের আহমদ। সেবার নুরুল আবসার সোহেল ১ কোটি ২০ লাখ টাকা এবং জাকের আহমদ ৪০ লাখ ১০ হাজার টাকা হাঁকিয়েছিলেন। কিন্তু প্রথমজন ইজারা নেওয়া থেকে সরে দাঁড়ালে (সারেন্ডার করায়) দ্বিতীয়জন তা নেওয়ার চেষ্টা করেন। তবে নানা বিতর্ক ও সমালোচনার মুখে সেই ইজারা বাতিল করে প্রশাসন। সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কায় টোল-ট্যাক্স আদায় কিন্তু বন্ধ হয়নি; সরকারি স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিজস্ব লোকবল দিয়ে খাস কালেকশন (সরাসরি আদায়) চালিয়ে যায়।
এমন পরিস্থিতিতে বুধবার (১২ আগস্ট) সকালে প্রকাশ্যে ও প্রশাসনের উপস্থিতিতে পুনরায় এ ইজারা ডাক সম্পন্ন হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু বলেন, "অত্যন্ত সুষ্ঠুভাবে এ ইজারা ডাক সম্পন্ন হয়েছে।" আগেরবারের চেয়ে ৬০ লাখ টাকা কমে ইজারা দেওয়ার বিষয়ে তিনি বলেন, "ইজারাদারেরা তাদের নানা সমস্যার কথা জানিয়ে ৬০ লাখ ২০ হাজার টাকার বেশি দর হাঁকেননি। ফলে বাধ্য হয়ে কম হলেও সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।"
এদিকে স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি জানান, এবার যিনি ইজারা পেয়েছেন তিনি উপজেলা ছাত্রদলের একাংশের আহ্বায়ক জিয়াবুল হক। আর আগের বার যিনি সর্বোচ্চ দর হেঁকেছিলেন, তিনি বিএনপি একাংশের জ্যেষ্ঠ নেতা নুরুল আবসার সোহেল।











