নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের এক বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ওয়াচ্ছাখালী এলাকার নুরুল ইসলামের দোকানের সামনে অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন একটি অটোরিকশা তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো ১০০০ টাকা মূল্যমানের ১১৩৮টি জাল নোট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৩৮ হাজার টাকা।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে দুর্গম পার্বত্য এলাকায় জাল নোট ছড়িয়ে দেওয়ার কাজ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এই চক্রের মূল উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।












