ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আসামি ২৯

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে বিএনপির মিছিলে হামলা, মারধর, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফটিকছড়ি থানায় মামলাটি করেন হামলায় আহত নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হোছাইন (৩৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগরের একটি সড়ক দিয়ে যাওয়ার সময় রাজনৈতিক বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালানো হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, হামলাকারীরা ধারালো রামদা, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর মাথায় একাধিক সেলাই দিতে হয়।
এজাহারে আরও বলা হয়, হামলায় মিছিলে অংশ নেওয়া ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় মোটরসাইকেলের আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
মামলার বাদী মো. হোছাইন বলেন, ঘটনার পর থেকে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তবে এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











